খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক ভোট দিয়েছেন। আজ সোমবার ( ১২ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে মহানগরীর ২২ নং ওয়ার্ডের পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ভোট দেন তার স্ত্রী বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাবিবুর নাহার। 

ভোট দিয়ে আব্দুল খালেক বলেন, ইনশাল্লাহ বিজয়ী হব। ভোটের ফলাফল যাই হোক না কেন মেনে নেয়া হবে। ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়বে বলে আশা করেন তিনি।

এর আগে সকাল ৮টায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, দুটি সারিতে পুরুষ ও নারী ভোটারা দীর্ঘ  দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের প্রধান সড়ক এবং কেন্দ্রের মধ্যেও রয়েছে কড়া নিরাপত্তা। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৫৪ জন। ভোটকক্ষ ১০টি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ।

সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর শেখপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রিজাইডিং অফিসার. মামুনুর রশিদ ভোট গ্রহণ কার্যক্রম বুঝিয়ে দিচ্ছেন। সকাল ৮টা বাজতেই কেন্দ্রের ৭টি বুথে শুরু হয় ভোটগ্রহণ। তবে ভোটগ্রহণ কার্যক্রমে সময় লাগছে বেশি বলে জানিয়েছেন ভোটাররা। প্রতিটি ভোট দিতে তিন থেকে চার মিনিট সময় নিচ্ছেন সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা।