সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, পুড়ে যাওয়া হোটেল শায়রীর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর নিরাপত্তাকর্মীর অসতর্কতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনে হোটেল শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট সম্পূর্ণ পুড়ে গেছে। কিংশুক রিসোর্টের মালিক সরওয়ার কামাল জানান, দেড় কোটি টাকা ব্যয়ে নতুনভাবে তৈরি করা রিসোর্টটি আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আগুন নেভানোর পরবর্তী অবস্থা
দ্বীপে ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় বাসিন্দারা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এছাড়া বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সহায়তা করেন। তবে উন্নতমানের অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, রাতেই আগুন লাগার খবর পেয়েছি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ চলছে।










