খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ওপর ওষুধ ব্যবসায়ীদের হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বিপ্লব মেডিসিন কর্নারের মালিক এস এম মাহমুদুর রহমান বিপ্লব (৩০) ও তার দোকানের কর্মচারী মীর বায়জিদ (২০)।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৩ টা ৩০ মিনিটে মাহমুদুর রহমান বিপ্লবকে বয়রা বাজার এবং তার দেয়া তথ্যানুযায়ী, রাত ৩টা ৫০ মিনিটে মীর বায়জিদকে ছোট বয়রার হাসানবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে সোনাডাঙ্গা থানায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল । 

এর আগে, গত সোমবার (১৪ আগস্ট) খুলনা মেডিকেলের শিক্ষার্থীদের সঙ্গে ওষুধ ক্রয় নিয়ে ওষুধ ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী ও ৯ ওষুধ ব্যবসায়ী আহত হন। এর মধ্যে তিন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হলে আহত শিক্ষার্থীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে ওইদিন রাতেই কর্মবিরতিতে যান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। 

ঘটনার একদিন পার হওয়ার পরেও অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বুধবার সকাল থেকে তারা তিন দফা দাবি নিয়ে দিনভর মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর বুধবার রাত ৯টার দিকে আহত শিক্ষার্থীদের দেখতে যান খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময় সংসদ সদস্য সোনাডাঙ্গা থানা-পুলিশকে ফোন করে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।