বিভাগ কর্তৃক স্বেচ্ছাচারিতা ও ইচ্ছাকৃতভাবে আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় সমস্যার সমাধান করতে না পারলে বিভাগের চেয়ারম্যানকে পদত্যাগের হুঁশিয়ারি দেন তারা।

আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাকির হোসেন বলেন, আমাদের মূল দাবি লেভেল ফাইভ সেমিস্টার-২ দ্রুত শেষ করে আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়া। বারবার বিভাগের কাছে আবেদন করার পরও আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি। এর আগে আন্দোলন করলে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আমরা আন্দোলন স্থগিত করি। সারা দেশের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও আমরা বঞ্চিত হচ্ছি। শেষবারের মতো আমরা বিভাগে তালা দিয়ে অবস্থান নিয়েছি।

আরেক শিক্ষার্থী হেমা আক্তার ইভা জানান, শুধু ব্যক্তিগত আক্রোশের কারণে ৪৭ জন শিক্ষার্থীর জীবন এখন হুমকির মুখে। আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। ২০১৮-১৯ সেশনের আমাদের ৪৭ জন শিক্ষার্থী বাদে সবাই ৪৭তম বিসিএস পরীক্ষা দিতে পারছে। যতক্ষণ পরীক্ষার রুটিন হাতে না পাব, ততক্ষণ রাজপথ ছাড়ব না।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ময়জুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।