চাঁদাবাজ, ঘুস-বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের আমির বলেন, ‘রাজশাহীতে ৫ আগস্টের পর কোনো চাঁদাবাজ আছে? দুর্নীতিবাজ আছে? ঘুস-বাণিজ্য আছে? যদি থেকে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ এসব ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন। আমাদের বিনীত অনুরোধ যদি কেউ না মানেন তাহলে বলতে চাই আমাদের যুদ্ধ শেষ হয়নি। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।’

তিনি বলেন, ‘১৫ বছর পর জাতি জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন, তাদের ওপর সরকার অত্যাচার করেছে। গত ১৫ বছর সরকার তাণ্ডব চালিয়েছে। ১১ জন দায়িত্বশীল নেতাকে তারা কেড়ে নিয়েছে। কাউকে দেশেও থাকতে দেয়নি। দফায় দফায় জেলে নিয়েছে। তারা কী করেছেন। কিছুই করেনি। তাদের অপরাধ তাহলে কী ছিল। অনেকে জিন্দা শহীদ হয়ে আছেন। হাত-পা টুকরো টুকরো। বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।’

সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘এ সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মত গুলি করেছিল। অনেক মরদেহ গুম করা হয়েছে। মরদেহ পুড়িয়ে ছাই করা হয়েছে। এখনো বহু জায়গায় গেলে তারা আমাদের কাছে তাদের সন্তানের খবর চায়।’

মাওলানা আরিফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির ড. কেরামত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন।