বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী মামলা, হামলা, হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছেন। তাদের স্বপ্ন এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। আমরা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি পৌঁছে গেছি।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মিলনায়তনে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিকে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে গড়ে তোলার সময় এসেছে। আমরা জনগণের সত্যিকারের দল হয়ে ওঠার লক্ষ্যে কাজ করছি।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
সভায় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বর্তমান সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।
গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আয়োজিত এ সভায় দলের বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতা উপস্থিত ছিলেন। সভায় দলকে সুসংগঠিত করতে বিরাজমান অসংগতি দূর করার আহ্বান জানান তারা।










