বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) পরিবেশবান্ধব করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠের ভেতরে ও বাইরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশবান্ধব প্ল্যাকার্ড ও প্রপস ব্যবহারের পাশাপাশি চার ও ছক্কা উদযাপনের উপকরণেও পরিবেশের বার্তা দেয়া হয়েছে।
এছাড়াও উদ্বোধনী ও ফাইনাল ম্যাচে দুই দলের অধিনায়কের মধ্যে গাছ উপহার বিনিময়ের ব্যবস্থা ছিল। ম্যাচ চলাকালীন এল-শেপ বিজ্ঞাপনে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন, বায়ু ও শব্দদূষণ রোধের বার্তা প্রচার করা হয়েছে।
এতে বলা হয়, ঢাকা, সিলেট ও চট্টগ্রামের ভেন্যুতে পরিবেশ সচেতনতা বাড়াতে বিশেষ কর্নার স্থাপন করা হয়। যেখানে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম প্রদর্শনের পাশাপাশি দর্শকদের পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে ইন্টারঅ্যাক্টিভ বিন স্থাপন করা হয়েছে।
রেডিওতে পরিবেশ সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য জনপ্রিয় আরজেদের ব্যবহার করা হয়েছে। এছাড়া বিপিএল সংশ্লিষ্ট ফেসবুক, ইউটিউব ও টিকটক প্লাটফর্মে পরিবেশ সচেতনতা বিষয়ক বার্তা প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, এ উদ্যোগের মাধ্যমে বিপিএল ২০২৫ একটি পরিবেশ সচেতনতামূলক উৎসবে পরিণত হয়েছে, যা তরুণদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খেলাধুলা, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সব অনুষ্ঠান পরিবেশবান্ধবভাবে আয়োজন করার অনুরোধ জানিয়েছে।










