যৌক্তিক সময়ে নির্বাচন চাওয়া নিয়ে বিতর্ক জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ ধরনের বিতর্ক পলাতক ফ্যাসিবাদের জন্য সুযোগ তৈরি করতে পারে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের কলেজিয়েট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা এ্যানি বলেন, এ প্রজন্ম ও দেশের জন্য একটি সুন্দর ও স্বাভাবিক পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের প্রয়োজন। তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন মানুষের দীর্ঘদিনের দাবি। তাই নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার সুযোগ নেই।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, পলাতক হাসিনা দুর্নীতি, লুটপাট, গুম-খুন ও নির্যাতন করেছে। তাদের সুযোগ করে দেয়া যাবে না। এ ধরনের বিতর্ক যেন আর না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহাবুব আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।