ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সবচেয়ে বেশি জনরোষের শিকার হয় পুলিশের বিভিন্ন স্থাপনা। এ সময় দেশের সব থানা ভবন কম-বেশি হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। হতাহত হন বহু পুলিশ সদস্য। লুট হয় অস্ত্র, গুলি, রেডিও যন্ত্রসহ মামলার গুরুত্বপূর্ণ নথি। পুড়িয়ে দেয়া হয় বহু যানবাহন। এতে আতঙ্কিত হয়ে পুলিশ সদস্যরা চলে যান নিরাপদ আশ্রয়ে। অরক্ষিত পড়ে থাকে দেশের অধিকাংশ থানা। অবশেষে তিনদিনের চেষ্টায় ৬২৮টি থানার কার্যক্রম চালু করেছে পুলিশ।
সেনাবাহিনী, নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় এসব থানার কার্যক্রম চালু করা হয়েছে বলে গতকাল জানায় পুলিশ সদর দপ্তর। পাশাপাশি এদিন কাজে ফেরা ট্রাফিক সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।










