সেন্টমার্টিনের বিচ ভ্যালি, কিংশুক ও সায়রি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় তিনঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, পুড়ে যাওয়া হোটেল সায়রির বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা।

নৌবাহিনী তাদের সাবমারসিবল পাম্প ও উন্নতমানের ফায়ার ফাইটিং যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নেভানোর কাজ চালায়। তাদের প্রচেষ্টায় তিন ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সময় রিসোর্টগুলোতে অবস্থানরত পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় জাতীয় প্রয়োজনে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেন্টমার্টিনের মতো দেশের মূল ভূখণ্ড থেকে দূরবর্তী এলাকাগুলোতে নৌবাহিনী সবসময় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সহায়তায় কাজ করে থাকে।