বাগেরহাটের ফকিরহাট উপজেলার কৃষক দম্পতির
ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৭ মার্চ) গভীর রাতে খুলনা
নগরের মিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ তথ্য জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশের
মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম।
তিনি বলেন, শিশু চুরির খবর পাওয়ার পর পুলিশ
অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়দের
মাধ্যমে খবর পেয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ চুরির
সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তবে এ বিষয়ে খুলনা সদর ও সোনাডাঙ্গা পুলিশের
সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু জানাতে পারেননি।
উদ্ধার হওয়া সাজিদ ওই এলাকার কৃষক আবু
সাঈদ ফারাজী ও সুমি খাতুনের ছেলে। গতকাল ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় ওই
দম্পতির ঘর থেকে এ চুরির ঘটনা ঘটে।
সাজিদের মা সুমি খাতুন বলেন, আমার সন্তানকে
ফিরে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি।
এ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের
আওতায় আনার দাবি জানিয়েছেন শিশুটির বাবা আবু সাঈদ ফারাজী।










