কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত হাসান মোল্লা (৪৫) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে।

কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শনিবার বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ও পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, বিএনপি নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন হাসান মোল্লা। পরে তাকে উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।