ভোলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে আদালতে মামলাটি করেন।
মামলায় ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরমান হোসেন ও সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনিস উদ্দিনসহ ৩৬ পুলিশ সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ২৫-৩০ জনকে। বাদীপক্ষের আইনজীবী ড. অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত ও অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স মামলা দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মোহাম্মদ আলী হায়দার কামালের আদালতে এ মামলা দায়ের করা হয়। চলতি মাসের ৮ আগস্টের মধ্যে ভোলা সদর থানার ওসিকে নিহতের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্টসহ সকল প্রয়োজনীয় আলামতের কাগজপত্র জমা দেয়ার আদেশ দেন আদালত।
উল্লেখ্য, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত রোববার বিক্ষোভ সমাবেশ করে ভোলা জেলা বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন। এ ঘটনায় বিএনপির আরো বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমও ছিলেন। গতকাল বুধবার বিকেলে তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান।










