গতকাল দুপুরে সচিবালয়ে বৈঠকে শ্রমিক কল্যাণ, নগর ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
আইএলওর কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়। এ সময় মন্ত্রী বলেন, ‘দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি আরো বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অংশীদারত্ব আরো জোরদার করা প্রয়োজন।’ টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।










