রাজস্ব ফাঁকি দেয়া নকল বিড়ি কারখানা বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল সকালে খুলনা বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিভাগীয় কাস্টমস কমিশনার মো. সামছুল ইসলাম বরাবর ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দেয়া হয়েছে।

দাবিগুলো হলো রাজস্ব ফাঁকি দেয়া সব বিড়ি বন্ধ, যাচাই ব্যতিরেকে (অনলাইন) লাইসেন্স দেয়া বন্ধ, বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিককের মজুরি বৃদ্ধি, সিগারেটের মতো বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ, সিগারেটের মূল্য বৃদ্ধি এবং তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে প্রান্তিক ব্যবসায়ী ও দোকানিদের পরিবর্তে শুধু ডিলারদের লাইসেন্সের আওতায় আনা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুস সালাম মুন্সি। বক্তব্য  দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহসভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী নকল ব্যান্ডরোল লাগিয়ে কম দামে বিড়ি বিক্রি করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন।