চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি বিদেশী বাণিজ্যিক জাহাজের দুই ক্রুর মধ্যে মারামারির ঘটনায় থাইল্যান্ডের এক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)। তিনি ‘এমটিকেপিপি০১’ নামের একটি বাণিজ্যিক জাহাজের ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

শিপিং এজেন্ট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গভীর সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশী ক্রুর মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

এ সময় অপর ক্রু ধারালো অস্ত্র দিয়ে রাফিফং কালাহানকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে জাহাজের সহকর্মী ও শিপিং এজেন্টরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থাই ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।