কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফজলুল হক উপজেলার আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন স’মিল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত ফজলুল হক বাজার থেকে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন । এমন সময় নাগেশ্বরীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা ফজলুল হককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।