বিএনপি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, এ দেশে যখন মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা হয়, তখনো বিএনপি প্রকাশ্যে একটা বাক্য বলার সাহস দেখাতে পারে না। অথচ তারা বলে দলে নাকি মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী ও কুশীলব বিএনপি।

গতকাল নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।

ভাষণে কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। অপরাজনীতির জন্যই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে বিএনপি প্রকারান্তরে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। দেশে এখন দুর্দিন নেই। প্রকৃতপক্ষে ভয়াবহ দুর্দিন চলছে বিএনপির রাজনীতিতে।

সেতুমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে না। বিদ্রোহীদের মনোনয়ন দিলে তারা প্রশ্রয় পেয়ে যাবে এবং দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। দল করতে হলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। মানুষ করোনার নেতিবাচক প্রভাব মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গ্রাম হতে শহরের প্রতিটি সেক্টরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন দৃশ্যমান।

মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, সহসভাপতি শাহিন মনোয়ারা হক উপস্থিত ছিলেন।