বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নির্বাচনী বিতর্কে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেয়া এক পোস্টে শফিকুর রহমান এ আমন্ত্রণ জানান।
তারেক রহমানের সম্প্রতি ঘোষিত রাজনৈতিক পরিকল্পনার প্রসঙ্গ টেনে শফিকুর রহমান তাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানান।
শফিকুর রহমান প্রস্তাব দেন, ওই আলোচনায় দুজন নেতা জাতির সামনে নিজ নিজ ইশতাহার উপস্থাপন করবেন ও সিদ্ধান্ত নেয়ার ভার জনগণের ওপর ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা প্রয়োজন, যেখানে সব রাজনৈতিক শক্তি জনগণের রায় ও ইচ্ছাকে সম্মান করার অঙ্গীকার করবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল রাজনৈতিক বৈধতা অর্জন হতে পারে। জনআস্থা ও ন্যায্যতা অর্জন ছাড়া কোনো নির্বাচনী ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না।’
শফিকুর রহমান জুলাই বিপ্লব-পরবর্তী রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিক নেতৃত্বের দায় রয়েছে। তার ভাষায়, রাজনীতি যে ভদ্র, শালীন ও সংঘাতমুক্ত হতে পারে, তা প্রমাণ করার সময় এসেছে। তিনি বলেন, ‘ভবিষ্যৎ শাসন ব্যবস্থার মানদণ্ড হওয়া উচিত এমন, যা গণমাধ্যম ও জনগণের সরাসরি নজরদারির মধ্যে থাকবে, সমালোচনার জন্য উন্মুক্ত হবে এবং যেখানে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’










