গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় সবুজ মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সবুজ মিয়া ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে এবং তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সবুজ মিয়া গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। তার পরিবার মাইকিংসহ নানা ধরনের প্রচেষ্টা চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে একই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে সবুজ মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুস সবুর বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।