জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে ১ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবি জানান। এছাড়া সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পুনর্মূল্যায়ন ফি ১০০ টাকা, সার্টিফিকেট ফি ২০০ টাকা নির্ধারণ এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা দেয়ারও দাবি জানান তারা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন, ‘গত বছর ফি ছিল ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা, যা সম্পূর্ণ অযৌক্তিক।’

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের কাছে স্মারকলিপি দেন। অধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’