বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজ সংলগ্ন সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় জান্নাতুল মাওয়া নামে ১০ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজাম উদ্দিনের মেয়ে। তারা বিএম কলেজ রোড এলাকার নিকট আত্মীয়র বাসায় বেড়াতে এসেছিলেন।

বেলা সাড়ে এগারোটার দিকে জান্নাত ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটি জব্দ করেছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।