কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা দুইজন মামাতো-ফুফাতো ভাই–বোন।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রিয়া মণির দাদা শামসুল ফকির জানান, দুপুরে আতিকুর রহমান তার দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। পরে ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয়। খেলতে খেলতে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়।

রিয়া মণির ফুপা ইছামুদ্দিন জানান, দুপুরের পর থেকে দুইজনকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখা যায়। মৃত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরুতহাল রিপোর্ট করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট দেয়া হয়েছে।