খুলনা রেল স্টেশনে ভাঙচুরের ঘটনায় নাম উল্লেখ না করে বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে গতকাল শনিবার রাতে খুলনা জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।

খুলনা রেলওয়ে পুলিশের এসপি রবিউল হাসান জানান, সরকারি কাজে বাধা, হুকুম অমান্য ও ভাঙচুরের ঘটনায় গতকাল রাতে মামলা হয়েছে।

রেলওয়ে পুলিশের ওসি খবির আহমেদ জানান, মামলার এজাহারে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ১৭০ জনের কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতাকর্মী রেলস্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ বাইরে যাওয়ার আহ্বান জানালে তারা ক্ষিপ্ত হয়।

বিএনপি নেতাকর্মীরা প্রধান ফটক, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের ১৬টি গ্লাস ভাঙচুর করেছে; এমন অভিযোগ বাদী হয়ে মামলাটি করেছেন বলেও জানান মানিক চন্দ্র।