খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এর আগে থেকেই ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

সকাল ৭টা ৪০ মিনিটে খুলনা নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল গার্লস হাই স্কুল কেন্দ্রে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। সে সময়ই তৈরি হয়েছে ভোটারদের দীর্ঘ লাইন। নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, দুটি সারিতে পুরুষ ও নারী ভোটাদের দীর্ঘ লাইন। কেন্দ্রের প্রধান সড়ক এবং কেন্দ্রের মধ্যেও রয়েছে কড়া নিরাপত্তা। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৫৪ জন। ভোটকক্ষ ১০টি। 

সকাল ৭টা ৪৫ মিনিটে নগরীর শেখপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রিজাইডিং অফিসার. মামুনুর রশিদ ভোট গ্রহণ কার্যক্রম বুঝিয়ে দিচ্ছেন। সকাল ৮টা বাজতেই কেন্দ্রের ৭টি বুথে শুরু হয় ভোটগ্রহণ। তবে ভোটগ্রহণ কার্যক্রমে সময় লাগছে বেশি বলে জানিয়েছেন ভোটাররা। প্রতিটি ভোট দিতে তিন থেকে চার মিনিট সময় নিচ্ছেন সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা।