আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করলে ভিডিও ফুটেজের মাধ্যমে মামলা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই গাড়ি তিনবারের বেশি ওভারস্পিডিং করলে সেটির এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।
তিনি বলেন, ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে মামলা করার জন্য আমরা পুলিশকে বলব। মামলা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমাদের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে সার্বক্ষণিক পুলিশ উপস্থিত থাকতে পারে না। তাই একটি ক্যাবলের মাধ্যমে পুলিশের দপ্তরে সংযোগ দেয়া হবে। পুলিশ সেখানে বসেই মনিটরিং করতে পারবে।
হাসিব হাসান খান বলেন, একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে সেটির এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে।
নিরাপত্তা বিভাগের পরিচালক বলেন, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রা শুরু করে। এরপর থেকে আমরা প্রধানত ৫টি সমস্যা মোকাবেলা করেছি। এগুলো হলো— ওভারহিট গাড়ি, চাকা পাংচার, জ্বালানি শেষ হয়ে যাওয়া, বিমানবন্দরের যাত্রী সেবা ও দুর্ঘটনা। এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে এ পর্যন্ত শুধু জানুয়ারি মাসে এক্সপ্রেসওয়েতে চলাচল করা অবস্থায় ৯০টি গাড়ির ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। টায়ার বার্স্টের ঘটনা ঘটে ৫১টি, জ্বালানি ফুরিয়ে যাওয়ার ২০টি ঘটনা ঘটেছে। এর বাইরে এ পর্যন্ত বড় আকারের ১০টি দুর্ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা ও উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজও প্রদর্শন করা হয়।










