খুলনার ফুলতলা উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী  মিনহাজ হাসান রাজ (১৭) এবং তজিবুর রহমান শাদাত (১৮) নামে দুই তরুণ নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার রাড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মিনহাজ ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে এবং শাদাত অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সরদারের ছেলে। তারা দুজনই আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াজ তালুকদার জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তারা দুজন মোটরসাইকেলে করে যশোরের অভয়নগরের দিকে যাচ্ছিল। রাড়িপাড়া অতিক্রম করার সময় বিপরীতদিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।