রাজধানীর ভাসানটেকে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
গতকাল ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাসানটেক এলাকায় উপস্থিত হন ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন, যাতে তারা তাৎক্ষণিকভাবে দৈনন্দিন জীবন চালিয়ে নিতে পারেন।
ভাসানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর মানবিক সংকট লাঘবে তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবারের সদস্যরা তাদের বসতঘর, আসবাব ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
উপহারসামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়। এ উপলক্ষে এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সেখানে প্রয়োজন অনুযায়ী ওষুধপত্রও সরবরাহ করা হয়।
এ মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা ও চিকিৎসাসেবার সমন্বিত এ কার্যক্রম মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।










