গাইবান্ধার সাঘাটায় নদী রক্ষা প্রকল্পের কাজ চলাকালে ট্রাক্টরের চাপায় ইন্দু বালা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ভরতখালী ইউনিয়নের মাঝি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্দু বালা ওই এলাকার সীমন্ত সাধুর স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে যমুনা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের ১ নম্বর সাইটে ট্রাক্টর দিয়ে কাজ চলছিল। পাশেই মাঝি পাড়া ব্রিজে ওঠার সময় চালক ট্রাক্টরটি পেছনে নেয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত সেটি ইন্দু বালাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। প্রাথমিক তদন্ত চলছে।










