মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমান জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা ২০২৪ সালের ১৮ জুলাই এবং ৪ আগস্ট দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগে তিনি জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট থেকে রাজা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন অনুসন্ধানের পর ধানমন্ডি এলাকায় তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আমান উল্লাহ জানান, গ্রেফতারের পর রাজাকে মানিকগঞ্জ সদর থানা হাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।