হজ প্যাকেজের ডি ও সি ক্যাটাগরিতে খরচ কমানোর ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, চলতি বছরে হজের খরচ কিছুটা কমবে। সৌদি সরকারকে চাপ প্রয়োগ করে হজের খরচ কিছুটা কমানো হয়েছে। আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয়া হবে। 

আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নাটোর কালেক্টরেট সম্মেলন কক্ষে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ফরিদুল হক খান এসব কথা বলেন। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সংলাপে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মতাদর্শের প্রতিনিধিরা এতে অংশ নেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ প্যাকেজের ডি ক্যাটাগরিতে ১১ হাজার ৭১১ টাকা এবং সি ক্যাটাগরিতে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। সৌদি সরকারকে চাপ প্রয়োগ করে হজের খরচ কিছুটা কমানো হয়েছে। আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয়া হবে।  ফরিদুল হক বলেন, হজ থেকে সরকার কোনো ব্যবসা করছে না। রিয়েলের মূল্য বৃদ্ধিসহ সব খরচে বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে খরচ বাড়ানো হয়েছে। 

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষ সবাই সমান। এখানে সংখ্যালঘুদের আলাদা করে ভাবা হয়না। কারণ মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়ে রক্ত ঝড়িয়ে এ দেশকে স্বাধীন করেছে। সবার রক্তই সমান। তিনি যে কোনো অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করতে ধর্মীয় নেতাদের প্রতি আহবান জানান। তিনি বলেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ সংলাপ করা হচ্ছে।