ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৮ ডিসেম্বর) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহবায়ক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১ জন।
এর মধ্যে রংপুর আঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২৮৩ জন, আর জমা দিয়েছেন ৩ জন। রাজশাহী অঞ্চলে গ্রহণ করেছেন ২৬৯ জন, এখনো কেউ জমা দেয়নি। খুলনা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করছেন ৩০২ জন আর জমা দিয়েছেন ১ জন। বরিশাল অঞ্চলে গ্রহণ করেছেন ১৬১ জন, জমা ৭ জনের। ফরিদপুর অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ ১৪১ জন আর জমা ৮ জনের। ঢাকা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৫০৯ জন আর জমা দিয়েছেন ২ জন।
এছাড়া ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে যথাক্রমে ৩৩৯, ৪০৫, ১২৭ ও ২৪০ জন মনোনয়নপত্র গ্রহণ করছেন। বিপরীতে জমা দিয়েছেন যথাক্রমে ৭,০,১ ও ২ জন।
সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর বিকাল ৫টা। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি














