ভারতে পাচারের সময় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় খুলনায় তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গতকাল তাদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার পুলিশ সদস্যরা হলেন—লবণচরা থানার এসআই মোস্তফা জামান, এএসআই আহসান হাবীব ও কনস্টেবল মুরাদ। তাদের নামে লবণচরা থানায় মামলা করেছেন উপপরিদর্শক মোকলুকুর রহমান।
লবণচরা থানার ওসি মো. হাফিজুর রহমান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, গ্রেফতার বাসুদেব দে শুক্রবার দুপুরে ছয়টি স্বর্ণবার ভারতে পাচারের জন্য টুঙ্গিপাড়া পরিবহনে করে সাতক্ষীরায় যাচ্ছিলেন। পরিবহনটি খুলনার সাচিবুনিয়া মোড়ে থামিয়ে তল্লাশি চালান ওই তিন পুলিশ সদস্য। এক পর্যায়ে পরিবহন থেকে বাসুদেব দে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। পরে তার কাছে থাকা স্বর্ণবারের মধ্যে তিনটি ছিনিয়ে নেন তারা। বাকি তিনটি তাকে দিয়ে দেন এবং মোটরসাইকেলে করে তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ছেড়ে দেন। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন বাসুদেব। শুক্রবার সন্ধ্যায় ওই তিন পুলিশ সদস্যকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতার স্বীকার করেন।
ওসি হাফিজুর জানান, স্বর্ণ পাচারকারীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়েছে। আর তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯২ ধারায় মামলার পর গ্রেফতার দেখানো হয়েছে।










