আইএফআইসি ব্যাংকের জামানতহীন ৭ হাজার ১২৯ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান ও তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল) ঈশিতা রনি স্বাক্ষরিত গত ৩ ফেব্রুয়ারির এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঋণ যোগ্যতা যাচাই না করে জামানতবিহীন মোট ৭ হাজার ১২৯ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ পেয়েছে দুদক। অভিযোগগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানকালে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে সে বিষয়গুলোও আমলে নেয়া হবে। অভিযোগগুলোর অনুসন্ধান করবে দুদকের মানি লন্ডারিং অনুবিভাগ।










