চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর দারুস সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
আজ সকালে মন্ত্রীর সঙ্গে ঈদের নামাজে শরীক হন ছেলে ইসরাফিল খসরু, ভাই আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীসহ পরিবারের সদস্য, বন্ধু ও এলাকাবাসী।
আমির খসরু উত্তর কাট্টলীর নাজির বাড়ির সন্তান। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি।
এসময় অর্থমন্ত্রী বলেন, নিজের এলাকায় পরিবারের সদস্য, প্রতিবেশীদের নিয়ে ঈদের নামাজ আদায় করতেই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। ঈদের সময় পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করি। এটাই আমাদের পারিবারিক বন্ধন।
তিনি আরো বলেন, মানুষ এখন মুক্ত পরিবেশে আছে বলেই ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারেছে। এই যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে আছে, এটা যেন অবিরতভাবে বাংলাদেশে চলতে থাকে-সেই প্রত্যাশা করি। আমাদের সবাইকে নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে দেশের সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।










