ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ চার দফা দাবি নির্বাচন কমিশনের (ইসি) কাছে পেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে লিখিতভাবে এসব দাবি জানান তিনি।

অন্য দাবিগুলো হলো, ভোটকেন্দ্রে বিএনসিসি সদস্য মোতায়েন না করার সিদ্ধান্ত বাতিল, সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।

ইসিতে লিখিত আবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু সাদিক কায়েম বলেন, দীর্ঘ সময় ধরে তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ফলে আসন্ন নির্বাচন দেশের সব মানুষের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচন ঘিরে সারা দেশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, যা নষ্ট করার অপচেষ্টা দেখা যাচ্ছে।

ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি দাবি করেন, এ সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের স্বাভাবিক আমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডাকসু ভিপি আরো বলেন, বিভিন্ন এলাকায় প্রার্থীদের হুমকি ও হামলার ঘটনা ঘটছে, বিশেষ করে নারী প্রার্থীরা সহিংসতার শিকার হচ্ছেন। এসব বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা প্রয়োজন।

তিনি জানান, নির্বাচন কমিশন তাদের দাবির বিষয়ে আশ্বাস দিয়েছে এবং মোবাইল ফোন সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করে শিগগিরই নতুন প্রজ্ঞাপন জারি করা হবে বলে ইসি জানিয়েছে।

আবু সাদিক কায়েম বলেন, এ নির্বাচনে যে-ই বিজয়ী হোক না কেন, আমাদের প্রত্যাশা গণতন্ত্রের জয়। কোনো ধরনের কারচুপি বা হস্তক্ষেপের চেষ্টা হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে।