খুলনার আড়ংঘাটা বাজারে ২০১৮ সালের ৩১ অক্টোবর ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এজেন্ট আউটলেট ‘মুন মানহা’ চালু হয়। ভালোভাবেই চলছিল এ এজেন্ট ব্যাংকিং শাখা। তবে সম্প্রতি গ্রাহকদের অন্তত ৬৯ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা হয়ে গেছেন এজেন্ট সোহেল মাহমুদ, শাখা ক্যাশিয়ার আবদুল হান্নান ও কর্মচারী পলি খাতুন।
সোহেল মাহমুদ নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার শুকুর আলীর ছেলে। ক্যাশিয়ার আবদুল হান্নানের বাড়ি ফুলবাড়ি গেট এলাকায় এবং কর্মচারী পলি খাতুনের বাড়ি আড়ংঘাটায়।
প্রতারণার শিকাররা জানান, চলতি মাসের প্রথম দিক থেকেই তালা ঝুলছে ওই এজেন্ট ব্যাংকিং অফিসে। এতে বিপাকে পড়েছেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহকরা।
প্রতারণার শিকার কামাল হোসেন জানান, তার এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ টাকা জমা রয়েছে। ৬ ফেব্রুয়ারি হঠাৎ দেখেন এজেন্ট ব্যাংকিং কার্যালয় তালা ঝুলছে। এরপর ওইদিন তিনি ব্যাংকের দৌলতপুর শাখায় গিয়ে স্টেটমেন্ট তুলে দেখেন তার অ্যাকাউন্টে মাত্র এক হাজার টাকা আছে। এ ব্যাপারে ৮ ফেব্রুয়ারি তিনি ডিবিবিএল এজেন্ট ব্যাংকিংয়ের খুলনা শাখায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এখনো এর কোনো সুরাহা হয়নি।










