বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। বাংলাদেশে গণতন্ত্রের যে নতুন দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে। সে স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই বাংলাদেশে দেখতে পারব।
তিনি বলেন, খুনি হাসিনা বাংলাদেশ থেকে লাখ কোটি টাকা চুরি করে নিয়ে বিদেশে গেছেন, সে অর্থ দিয়েই এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং চক্রান্ত করে যাচ্ছেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার যেমন তার জায়গা থেকে সচেতন থাকবে, তেমনি রাজনৈতিক দলগুলোকেও সচেতন থাকতে হবে। আমাদের ভেতরের কোনো মতপার্থক্যের সুযোগ কেউ যাতে নিতে না পারে।
আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্য বর্ধনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আমরা যদি সবার আগে দেশের স্বার্থের কথা চিন্তা করতে পারি, তাহলে যে স্পিরিটে অভ্যুত্থান সম্ভব হয়েছে সে স্পিরিটে সফল হওয়া সম্ভব।
তিনি আরো বলেন, ড. ইউনুস জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের মতামত নেন। বিশেষ করে বিএনপি-জামায়াতের মতামত নেয়া, তাদের সঙ্গে কথা বলা। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি স্টুডেন্টরা দাবি করেছে, কিন্ত রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রকাশ না করায় অন্তর্বর্তী সরকার সে জায়গা থেকে সরে গেছে।
সারজিস বলেন, বাংলাদেশের মানুষের কাছে ড. ইউনূসের গ্রহণযোগ্যতা আছে বলেই অভ্যুত্থান পরবর্তী তার নামটিই বলেছিল ছাত্ররা।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা নাজিমউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে সচিব ফিতা কেটে সৌন্দর্যবর্ধন কাজের ফলক উন্মোচন করেন।










