সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেনের ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল নিয়ারাদজাই গুম্বনজভান্দা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে নারী ও শিশু অধিকার সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ ও কেয়ার ইকোনমি উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো কার্যকর ও বিস্তৃত করতে কাজ করছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে স্বল্প আয়ের পরিবারগুলো খাদ্য ও অন্যান্য মৌলিক সুবিধা সহজে পেতে পারে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গঠিত কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও হটলাইন ১০৯-এর কার্যক্রম নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, নির্যাতনের ঘটনায় দ্রুত সাড়া দিতে টিমগুলো ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে এবং উদ্ধার, চিকিৎসা, কাউন্সেলিং ও আইনি সহায়তা দিচ্ছে।

এ সময় কেয়ার ইকোনমিতে নারীর অংশগ্রহণ, গৃহস্থালি কাজের স্বীকৃতি এবং নারী-পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি। নির্যাতিত নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা কেন্দ্রগুলোর সক্ষমতা বৃদ্ধির বিষয়ও আলোচনায় আসে।

বৈঠকে নিয়ারাদজাই গুম্বনজভান্দা বাংলাদেশের নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতায় অগ্রগতির প্রশংসা করেন। তিনি নারী ও শিশু সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং কেয়ার ইকোনমি খাতে বাংলাদেশ সরকারের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এতে ইউএন উইমেন এর রিজিওনাল ডাইরেক্টর ক্রিস্টিন আরাব, ইউএন উইমেন বাংলাদেশের রিপ্রেসেন্টেটিভ গীতাঞ্জলি সিংসহ প্রতিনিধিদল ছিলেন।