নাটোরের সিংড়ায় কলেজছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এক আসামিকে খালাস দেয়া হয়েছে। গতকাল দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের ছাব্বির আহমেদ (৩০), জামাইদিঘি গ্রামের রেজাউনুল হক (৩১), সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের নাজমুল ইসলাম (৩১), মহিষমারি গ্রামের রাজিবুল হাসান (৩০), দেবোত্তর গ্রামের রিপন আলী (৩১) ও সিহাবপুর গ্রামের শহিদুল ইসলাম (৪০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিংড়ার মহিষমারি গ্রামের মনিরুল ইসলাম (৩০), সিহাবপুর গ্রামের আতাউল ইসলাম (৩৪), খায়রুল ইসলাম (৩৭) ও রেজাউল করিম (৪২)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে আসামি নাছির হোসেনকে (৩১) খালাস দেয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর বড়াইগ্রামের চান্দাই এলাকার বাসিন্দা রাজশাহী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে কলেজ থেকে কৌশলে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার মির্জাপুর গ্রামে নিয়ে যান প্রেমিক সাব্বির আহম্মেদ। পরে ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

পরবর্তী সময়ে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিদের আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ১১ জনের নামে সিংড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে গতকাল বিচারক এ রায় দেন।