এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, ৩০ রাউন্ড গুলি, ১৫ রাউন্ড শটগানের কার্তুজ ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গতকাল সিএমপি কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন রাউজান উপজেলার মো. শুভ (২২) ও মো. সুমন (৩৩)।

হাবিবুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে চান্দগাঁওয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে শুভ ও সুমনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুভর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া সুমনের কাছ থেকে আরেকটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে বলে জানিয়েছে।’

কিছুদিন আগে নগরীর চন্দনপুরা এলাকায় চাঁদাবাজির জেরে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এছাড়া বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় যুবক রাজু হত্যাকাণ্ডেও তাদের জড়িত থাকার তথ্য মিলেছে।