বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত উগ্রবাদী দল। তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী।’

গতকাল সকালে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে। আজ যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামীর, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন-পীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেয়া। তার কারণে এমন হয়েছে।’

তিনি বলেন, ‘এরই মধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি তিনভাগের দুই ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারো সুষ্ঠু সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

এরপর গতকাল বিকালে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অর্থনীতিকে সচল করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। দিজ আর দ্য চ্যালেঞ্জ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার গঠন করব।’

নির্বাচনের ফলাফল নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ ফলাফল এক হচ্ছে আনন্দময়, আরেকটা হচ্ছে বিষাদময়। আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ অভূতপূর্ব বিজয় দেখে যেতে পারলেন না, এটা বিষাদময়। অনেক, শত, হাজার রক্তের বিনিময়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর একটি চমৎকার উৎসবমুখর এবং একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে..., আমি ব্যক্তিগতভাবে ডেফিনেটলি অভিভূত, মুগ্ধ। এ ধারাবাহিকতা যদি আমরা রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারব।’

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলো, দলটি নিয়ে আপনাদের ভাবনা কী, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে এরই মধ্যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পরে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসবে পরবর্তী সিদ্ধান্ত।’

বিমানবন্দর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান বিএনপি মহাসচিব।