খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান শেখ নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন খুলনার চিকিৎসকরা। গতকাল সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার ডাকে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকরা ২৪ ঘণ্টা কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার বিএমএ খুলনা শাখা সংবাদ সম্মেলনে এ কর্মবিরতি ঘোষণা করে। আর এতে সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে হাসপাতালগুলোর জরুরি বিভাগ খোলা রয়েছে।
খুলনা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, ‘‌আমরা শুধু কর্মস্থলের নিরাপত্তাটুকু চেয়েছি। চিকিৎসককে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেফতার এবং তার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’
ওই চিকিৎসকের ওপর হামলা মামলার আসামি সাতক্ষীরা পুলিশ লাইনসে কর্মরত এএসআই নাঈমুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।