ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। আজ রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিকাল ৫টা ২০ মিনিটে তার মরদেহ গ্রহণ করেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাত ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। আগামীকাল সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।

লিভারসংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে তার মৃত্যু হয়।