আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। খবর বাসস।
পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদী ও শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া ঢাকায় আজ সকালে বাতাসের গতিবেগ ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।










