নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোরে সীমান্তের পাশ থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। ১৪ বিজিবি সদর দপ্তর পত্নীতলা ব্যাটালিয়ন থেকে একটি প্রেস বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, ভোরে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস-এর কাছ দিয়ে বিএসএফ ১৬ জনকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করে। পরবর্তী সময়ে বিজিবির টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তাসংলগ্ন চা দোকানের পাশ থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচটি শিশু ও চার নারী রয়েছে। তাদের বাড়ি পাবনা জেলার বিভিন্ন গ্রামে।