নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গত তিনটি নির্বাচন, বিশেষ করে ২০১৮ সালে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, বিশেষ কমিশন গঠন করে সে নির্বাচনে যারা যুক্ত ছিল ও জালিয়াতি করেছে তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) একটি সেমিনারে এসব কথা বলেন তিনি। বার্ডের ময়নামতি অডিটরিয়ামে এএইচকে (আখতার হামিদ খান) স্যাটেলাইট সিটি বিষয়ে মনিরুল হক চৌধুরী প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারের আয়োজন করে কুমিল্লা বাঁচাও মঞ্চ নামের একটি সংগঠন। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী।
ড. বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তমুক্ত করতে হবে। এ অঙ্গন পরিচ্ছন্ন করতে হবে, যেন স্বৈরাচার-ফ্যাসিস্ট ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা-অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছি। যাতে কুৎসিত লোকগুলো ওই সুন্দর ইমারতে (সংসদ) প্রবেশ করতে না পারে।
তিনি বলেন, যারা বিচারবহির্ভূত হত্যা, বিভিন্নভাবে নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধ করেছেন তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, গত তিনটি নির্বাচন, বিশেষ করে ২০১৮ সালে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, বিশেষ কমিশন গঠন করে সে নির্বাচনে যারা যুক্ত ছিল ও জালিয়াতি করেছে তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কেউই দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, তাই আমরা সুপারিশ করেছি নির্বাচন কমিশনকে একটি সংসদীয় বিশেষ কমিটির কাছে দায়বদ্ধ হতে হবে। নির্বাচন কমিশন যদি কোনো অন্যায় করে, সংবিধান লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেবে সংসদীয় কমিটি।
বদিউল আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় করার সুপারিশ করেছি আমরা। স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার কথাও বলেছি। বাজেটের ৩০ শতাংশ স্থানীয় সরকারকে দেয়ার প্রস্তাবনা করেছি। কারণ, স্থানীয় সরকার মানুষের দোরগোড়ায় কাজ করে। রাষ্ট্রপতিকে নির্দলীয় করার সুপারিশ করেছি এবং রাষ্ট্রপতি নির্বাচনটা যেন আরো বড় পরিসরে হয়, সে প্রস্তাবও করা হয়েছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে রাষ্ট্রপতি নির্বাচনে।










