রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর জেরে ক্ষুব্ধ হয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। ফলে ক্ষুব্ধ হয়ে অনেকে স্টেশন ভাঙচুর করেছেন। সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রবেশ মুখে বেশ কিছু চেয়ার ভেঙে পড়ে আছে। ট্রেনের অপেক্ষায় আছেন শত শত যাত্রী।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকালে কিছু যাত্রী ক্ষুব্ধ হয়ে বেশ কিছু চেয়ার ভাঙচুর করেছেন। তবে তেমন ভাঙচুরের ঘটনা ঘটেনি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।