গাইবান্ধা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে মাঠেরপাড় বাজারে এসে প্রথমেই মালেক স্টোরে আগুন দেখতে পান তারা। মুহুর্তেই মার্কেটের ৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।
মালেক স্টোরের দোকানি আব্দুল মালেক বলেন, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছি। শুক্রবার সকালে ঘুমে থাকা অবস্থায় শুনতে পাই আমার দোকান আগুনে পুড়ে গেছে ।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান বলেন, বল্লমঝাড় মাঠেরপাড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে টিন বিতরণ করা হবে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে খবর পাওয়ার পর দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।










