শেখ হাসিনা ও তার অনুসারীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনটি বলছে, গণঅভ্যুত্থানের অগ্রযাত্রা থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে স্বৈরাচারী দুঃশাসনের পতন, ফ্যাসিবাদী শাসনের অবসান ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জনগণ যখন ঐক্যবদ্ধ, তখন শেখ হাসিনা ও তার দোসররা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২সহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা পরিকল্পিত উসকানির অংশ। এতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পূর্বপরিকল্পিত সংশ্লিষ্টতা রয়েছে। সংগঠনটির দাবি, এই ঘটনাগুলো মূলত রাষ্ট্র সংস্কারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র।
রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, স্বৈরাচারের উসকানির ফাঁদে পা না দিয়ে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় রক্ষা করতে হবে। সংগঠনটি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছে, কোনো ষড়যন্ত্রই রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।
সরকারকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, শেখ হাসিনার দেশবিরোধী তৎপরতা প্রতিহত করতে দক্ষ কূটনীতি ও কার্যকর পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।










